আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ যারা নির্বাচন করবে তারা তো সবাই কলকাতায় বসে আছে। তারা তো একজনও দেশে নেই। সেখানে বসে তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের তো পাসপোর্টও নেই, যে দেশে এসে ঢুকবে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা যে নির্বাচন করতেছি তা নিয়ে দেশী ও বিদেশী একটা ষড়যন্ত্র চলতেছে। তারা চায় এই নির্বাচনে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে। তবে সে আশা তো গুঁড়েবালি। তারা ভাবতেছে আওয়ামী লীগের নাম বদলিয়ে অন্য নাম দেবে। তারা নাম দিবে রিফাইন্ড’ আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে তারা নির্বাচন করাবে। যদি সেটা না হয় তবে স্বতন্ত্র নির্বাচন করাবে।’
তিনি আরো বলেন, ‘আমরা তো কারো সম্বন্ধে গীবত বলতে চাই না ও খারাপ বলতে চাই না। আওয়ামী লীগের যে সকল সদস্যরা কোনো অন্যায় করে নাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা আমার ভাই তারা আমাদের বন্ধু। যারা খুন করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, নানা অপকর্ম করেছে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।’
আলাতাফ হোসেন চৌধুরী বলেন, ‘এখন যে নির্বাচন চলতেছে, সেটাকে বিগত ফ্যাস্টিস সরকারের আমলের নির্বাচন হবে না। ফ্যাস্টিস সরকারের সময়ে নির্বাচনের আগেই ১৫৩ জন এমপি সিলেক্ট হয়ে গেছে। আপনারা কি সে নির্বাচন চান। কখনোই চাবেন না। তারপর এই নির্বাচন হবে, নির্বাচন হবে বলে অস্থির হয়েছিলো। তারা আগামীকাল ভোর পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই। রাতেই বাক্স ভরে দিয়েছে। সেসব অযোগ্য প্রার্থীদের রাস্তা থেকে ডেকে আনে এমপি বানিয়েছে সংসদে পাঠিয়েছে। পবিত্র সংসদকে অপবিত্র করেছে এবং সংসদে গানের আসর বসিয়েছে। তারা এখন দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল নাকি চার কোটি কাপড়ের মাস্ক এর অর্ডার দিসে ও ২ কোটি বোরকা অর্ডার দিয়েছে। এগুলো মহিলাদের মধ্যো বিতরণ করবে যাতে তারা জাল ভোট দিতে পারে। মাস্ক পরে যদি নির্বাচনের দিন কোনো লোক ভোট দিতে কেন্দ্রে আসে তাহলে আপনারা চেক করে দেখবেন। যাতে কেউ জাল ভোট দিতে না পারে সে দিকে খেয়াল রাখবেন।’
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন- বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: জাফর ইমাম সিকদার, বিএনপির সভাপতি মো: সাহাবুদ্দিন নান্নু ও মো: আশ্রাফ আলী হাওলাদার, অবসরপ্রাপ্ত কর্নেল মো: আব্দুল মান্নান, কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মহাসিন উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আহসান উল্লাহ পিন্টু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক আলী মুন্সী, সহ-সভাপতি মো: গোলাম ফারুক মুন্সী, সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মুন্সী, ড্যাবের সদস্য ডা: সাইফুল ইসলাম রঞ্জু, সাবেক যুগ্ম-সম্পাদক মো: নূর হোসেন মৃধা প্রমুখ।



