জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি, আওয়ামী লীগ সরকারের আমলে সঙ্ঘটিত হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর গাজীপুরা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের।
তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডসহ অতীতের বিভিন্ন ঘটনায় যাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের অনেকেই এখনো আইনের আওতার বাইরে রয়েছেন। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেয়ায় আমরা উদ্বিগ্ন।’
আলী নাসের বলেন, ‘অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’
গাইবান্ধায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ প্রায় ৭০০ কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও গাজীপুরা ২৭ নম্বর এলাকার ওলামা লীগের নেতা মাওলানা ইসমাঈল, গাছা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমসহ সংশ্লিষ্টদের সম্পদের হিসাব তদন্ত করে দুদকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
একইসাথে গাছা ও টঙ্গী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আরমান হোসেন, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম, এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ কাশেম মাস্টার, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের সদস্য সচিব মো: ওমর ফারুক, মুখ্য সংগঠক আকাশ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।



