কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের জন্য সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা নিম্নমানের বনরুটিতে সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পাওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিও-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মাসুদ রানা নামের এক অভিভাবক ছত্রাক যুক্ত বনরুটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেনকে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা স্কুল ফিডিংয়ের বনরুটিতে সবুজ ফাঙ্গাস বা ছত্রাক দেখা যায়। বনরুটির এমন অবস্থার বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
কয়েকজন অভিভাবক জানায়, বনরুটিগুলো শিক্ষার্থীদের দুপুরের টিফিন হিসেবে দেয়ার কথা ছিল। শিক্ষকরা বনরুটিগুলো হাতে পাওয়ার পর দেখতে পায় সবুজ রঙের ফাঙ্গাস রয়েছে। বনরুটিগুলো খাবারের অনুপযোগী।
সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ‘বনরুটিতে ফাঙ্গাস বা ছত্রাক দেখামাত্রই সেগুলো আর শিক্ষার্থীদের দেয়া হয়নি। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী বিদ্যালয় পরিদর্শন করে বলেন, ‘শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা রুটিতে ফাঙ্গাস রয়েছে।’
স্কুল ফিডিংয়ের বনরুটি সরবরাহকারী ইএসডিওর প্রতিনিধি মনজু আলম বলেন, ‘মেয়াদ থাকার পরেও বনরুটিতে কি কারণে সবুজ ফাঙ্গাস পড়েছে তা তিনি বুঝতে পারছেন না।’



