৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জনগণের ন্যায্য দাবি আদায়, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ওই লংমার্চ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিপালে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক, সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, এবিপার্টির আহ্বায়ক আহছান উল্যাহ, এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহওয়ালী উল্যাহ মানিক, জাগপা আহ্বায়ক সাইফ উদ্দিন, ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মো: ইসমাইল, ছাত্রশিবিরের শহর সভাপতি সফিকুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসেন আরমান প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, ‘জনগণ ছয় দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ। ন্যায্য দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। লংমার্চকে স্বাগত জানাতে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা শনিবার অংশ নেবে। শুক্রবার প্রতিটি উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায় স্বাগত মিছিল হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে বরণ করতে ফেনীতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অধির আগ্রহে অপেক্ষা করছে।’



