মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষে অভিভাবক সমাবেশে যোগদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার বাগজান কুঠুরিকোনা মডেল হাই স্কুল আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। নিয়মিত ক্লাস, উপস্থিতি, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং ঝরে পড়া ঠেকাতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, ‘মদন উপজেলার মাধ্যমিক শিক্ষার মান আরো উন্নত করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের তদারকি এবং শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আপনারা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নিন।’
তিনি আরো বলেন, বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।



