চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’-কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতার কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মরহুম আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই মো: জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ টিমটি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ কৌশলে ঘেরাও করে কুখ্যাত এই আসামিকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (২০ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।



