বগুড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

রোববার (২৮ মার্চ) শেরপুর থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

Location :

Sherpur

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মতিয়ার রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার (২৮ মার্চ) শেরপুর থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নিহতের ভাতিজি মোমেনা খাতুনের কাছ থেকে প্রতিবেশী বেলি বেগম জমি দেয়ার কথা বলে ৭৫ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও বেলি বেগম জমি বা টাকা কোনোটিই ফেরত না দেয়ায় তিনি টাকা ফেরত চান। এ নিয়ে গত ২১ মার্চ উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে পরদিন ২২ মার্চ বেলা ১১টার দিকে শরিফ সুঘাট এলাকায় মতিয়ার রহমানকে একা পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠির আঘাতে মারাত্মক আহত করে। অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে মতিয়ার রহমানকে বেধড়ক মারধর করলে বৃদ্ধের ডান পা ভেঙে যায়। হামলায় বৃদ্ধের সামনের তিনটি দাঁত ভেঙে গিয়ে গুরুতর আহত হন। এ সময় তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় মতিয়ার রহমানকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নেয়ার পর রোববার (২৮ মার্চ) আবারো তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’