রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।
পেশায় চিকিৎসক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসাসেবায় সম্পৃক্ততা এবং নগরীতে তার সাংগঠনিক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. জাহাঙ্গীরকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে আসন্ন রাসিক নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা আরো জোরালো হবে বলে মনে করছেন দলটির নেতারা।
এদিকে, রাসিক নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী নগরীর নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণেরও সূচনা হলো।



