পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। স্বাধীনতার পর এতগুলো বছর পার হয়েছে, এমন থাকার কথা ছিল না।’
শুক্রবার (২৪ জুলাই) রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পৌর সুপার মার্কেট ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই, তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে সহযোগিতা করা আমার, আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফর কান্ট্রি, ফর পিপল, ফর বাংলাদেশ। কীভাবে সরকারকে সহযোগিতা করা যায়, তারেক রহমানকে সহযোগিতা করা যায়, তা নিয়ে ভাবতে হবে। দেশের উন্নয়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমান সকাল ৯টায় অফিসে যান ৫টায় অফিস থেকে ফিরবেন কিনা, এ পরিকল্পনা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন না। ১২টা বাজলেও প্রতিদিনের কাজ শেষ না করে তিনি অফিস থেকে যান না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা কর্মসূচিতে তিনি আছেন। তার যে কাজের আন্তরিকতা, এটি দৃশ্যমান।’
লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল ঘোষ, বাফুফের সহসভাপতি মো: ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম এবং ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল।



