দেশে প্রথমবারের মতো ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল মঙ্গলবার (পহেলা বৈশাখ) টাঙ্গাইল আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ নিয়ে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলে এটি তারেক রহমানের প্রথম সফর। তার আগমন উপলক্ষে শহরজুড়ে চালানো হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ ও প্যান্ডেল।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে তিনি এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
ভাষণ শেষে দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার শুভ উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মাওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা নবান্নের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।’
টাঙ্গাইলের পুলিশ সুপার মো: শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কাবস্থান নেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



