পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন বরিশাল সিটি প্রশাসক

‘সিটি করপোরেশনের প্রতিটি স্তরে নাগরিক সেবা নিশ্চিত করতে এবং কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন
পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নগরীর সর্বমোট ১৩৭৮ জন পরিছন্নতাকর্মীকে ৫০০০ টাকা করে ঈদ উপহার দেয়া হয়।

সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বরিশাল নগর ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিশেষ অতিথি ছিলেন বিসিসি প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতাকর্মীরা।

অনুষ্ঠানে সিটি প্রশাসক বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশনের প্রতিটি স্তরে নাগরিক সেবা নিশ্চিত করতে এবং কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।’