গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেশাগত স্বীকৃত খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় একযোগে নতুন কুড়ি স্পোর্টস শুরু করেন।’
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমি মন্ত্রী হিসেবে এখানে আসেনি, এসেছি একজন ফুটবলার হিসেবে। বাংলাদেশের মানুষের কাছে ফুটবলটা বেশি জনপ্রিয়। তাই ফুটবল ঐতিহ্যকে ধরে রেখে ফুটবলকে এগিয়ে নিতে চাই।’
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু ও ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। দেশের যুবকদের জন্য তিনি স্বপ্ন দেখতেন। তার অসমাপ্ত স্বপ্ন পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘যুব সমাজকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’
গফরগাঁও উপজেলা কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে পুরো কান্দিপাড়া এলাকাকে ফুটবল উৎসবে পরিণত করে।
ক্রীড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খেলাপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা, উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।
ফাইনাল খেলায় দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব ও কে বি এন স্পোর্টিং ক্লাবের আক্রমণ পাল্টা-আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি করে উত্তেজনা। খেলায় ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারের মাধ্যমে দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা ট্রফি তুলে দেন। একই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রিয়াজুল হক রিপন এবং ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার রানা ও মাসুদ।



