সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই এবার সাগরদিঘির পাড় এলাকায় প্রায় একই কায়দায় এক কলেজছাত্রীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাউজিং এস্টেটের মতো সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের ঘটনারও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে অনলাইনে পড়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ শুক্রবার (৬ মার্চ) অনলাইনে ছড়িয়ে পড়ে। এদিকে দু’টি ছিনতাইয়ের ঘটনায়ই এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের ঘটনার ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে পালসার মোটরসাইকেল করে আসা দুই যুবক ঘেরাও করে। যুবকদের হাতে ছিল দেশীয় অস্ত্র। তারা ওই নারীর মোবাইলফোন, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করে।
ফুটেজে আরো দেখা যায়, ওই নারী ব্যাগ, মোবাইলফোন ও অলংকার দিতে রাজী হচ্ছেন না। ছিনতাইকারীদের সাথে টানাটানি করছেন। এ সময় ছিনতাইকারীরা নারীর হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাতও করে। একপর্যায়ে মোবাইলফোন, ব্যাগ ছিনিয়ে না নিলেও হাতঘড়ি নিয়ে দ্রুত বাইক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকালবেলা ঘটনাটি ঘটেছে। রাতে ফুটেজ দেখার পর আজ (শুক্রবার) ভোররাত ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও ওসিকে (তদন্ত) ঘটনাস্থলে পাঠানো হয়। আমরা ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সাথে কথা বলার চেষ্টা করছি। ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরায় দেখা হচ্ছে কখন, কারা ঘটনাটি ঘটিয়েছে।
দিনে-দুপুরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ কি-না জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হবে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। তিনটি মোটরসাইকেলে ছয়জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটরসাইকেল আরোহীরা চলে যায়। এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। আট দিনের ব্যবধানে দ্বিতীয় দফা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী।
হাউজিং এস্টেটের ঘটনার ব্যাপারে সম্প্রতি মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। তবে তারা নগরের বাইরে অবস্থান করছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।



