ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতে হবেই হবে। এক্ষেত্রে আমাদের যা করা দরকার আমরা তা করব।’
তিনি বলেন, ‘বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীতা অবশ্যই আছে। এটি সময়ের দাবি। রাজশাহী শিক্ষা নগরী হিসেবে খ্যাত। রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ নগরী শিক্ষানগরী হিসেবে পরিচিতি লাভ করে। এখানে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আজকে এখান থেকে যে প্রস্তাবটি এসেছে তা প্রথম রাজশাহী দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।’
শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে ‘বাংলাদেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রীড়াকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। এর মাধ্যমে কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই ও রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু করেছে সরকার।’
শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো: আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী।
এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম রফিকুল ইসলাম।
এছাড়া আলোচক হিসেবে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. নুরুল হোসেন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাবীবুর রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুল আলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো: মামুনুর রশিদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ও ভারতের পাঞ্জাবি ইউনিভার্সিটি আইসিসিআর ও পিএইচডি ফেলো শারমিন আক্তার শান্তা।



