বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ঈদের শিক্ষা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ত্যাগ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়মুক্ত করতে আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্যে তরুণ সমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩০ মে) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদরাসার হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলঙ্গা আদর্শ থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ঈদ মুসলমানদের জন্য কেবল আনন্দের উপলক্ষ্য নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক মহৎ শিক্ষা। সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ছাত্র সমাজ জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাদেরকে আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এমন নেতৃত্ব প্রয়োজন যারা সততা, দক্ষতা ও জনকল্যাণে বিশ্বাসী। তরুণ প্রজন্মকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
সলঙ্গা আদর্শ থানা ছাত্রশিবিরের সভাপতি মো: মহসীন আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং জামায়াতের সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদসহ অনেকে।
বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে নেতাকর্মীরা পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণ এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।



