সিলেটে হামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিলেটে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণকারী পাঁচ বছর বয়সী শিশু আবু হুরাইরা হবিগঞ্জ জেলার বানিয়চং উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত হয়নি। তবে, এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৯ জন।
রোববার (৫ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন এবং বাকি ৮৬ জন শিশু। মৃত্যুবরণকারীদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩১ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ জন ও হবিগঞ্জের আটজন রয়েছে।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৪১৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৩৪ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১৩১ জন, হবিগঞ্জের ৩৭ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১১২ জন ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে একজন, সিলেট লায়ন্স হাসপাতালে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে।



