শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স

আগুনের আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে ৫ রোগী আহত

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগীরা আবার হাসপাতালে নিজ নিজ শয্যায় ফিরে যান।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
আগুনের আতঙ্কে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসেন শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা
আগুনের আতঙ্কে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসেন শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা |নয়া দিগন্ত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে ছয়তলা ভবন থেকে নামতে গিয়ে অন্তত পাঁচ রোগী আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগীরা আবার হাসপাতালে নিজ নিজ শয্যায় ফিরে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়তলার একটি ওয়ার্ডে একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বের হতে থাকে। এতে মুহূর্তের মধ্যে ছয়তলার মহিলা ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন লাগার আশঙ্কায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এ সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগুনের কোনো ঘটনা না থাকার বিষয়টি নিশ্চিত করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করে।

পরে রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা আবার হাসপাতালে নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, অক্সিজেন সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হওয়ায় আগুন লাগার আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে।