গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাজমুল (৩০) নামে এক হোটেল কর্মচারীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের ‘আবুল-সাদ্দাম’ হোটেলের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাগদা মিশন রোডের একটি ভাড়া বাসায় জানালার গ্রিলের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সময় তার পা মাটিতে লেগে থাকায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ও এএসআই রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী জানায়, নাজমুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। এই দ্বন্দ্বের জের ধরেই মৃত্যুর এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না কি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং এ নিয়ে এলাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


