মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। এসময় বেশ কয়েকজন রোগী হাসপাতালের নানা অনিয়ম ও ভোগান্তির কথা এমপির কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সংবাদকর্মীদের বলেন, ‘দীর্ঘ সময় ধরে হাসপাতাল পরিদর্শন করে দেখলাম, এখানে প্রধান সমস্যা হচ্ছে জনবল সংকট। পাশাপাশি কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতিরও অভাব রয়েছে।’
তিনি বলেন, ‘চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা, তাই আমি হাসপাতাল পরিদর্শনের মাধ্যমেই আমার কার্যক্রম শুরু করেছি।’
তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকার জনগণের সব ধরনের মৌলিক চাহিদা পূরণে আমি কাজ করব। বিশেষ করে হাসপাতালকে কেন্দ্র করে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত কিছু দালাল এখানে সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সতর্কবার্তা দেয়া হচ্ছে, ভবিষ্যতে হাসপাতালে দালালের উপস্থিতি পাওয়া গেলে প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামশেদ ফরিদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, ইছাপুরা ইউনিয়ন সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



