মাগুরার ২টি আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দু’টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলেছে। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বেসরকারি ফলাফলে মাগুরা-১ ও মাগুরা-২ দুই আসনেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মো: মনোয়ার হোসেন খান, (ডানে) অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
মো: মনোয়ার হোসেন খান, (ডানে) অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দু’টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলেছে। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বেসরকারি ফলাফলে মাগুরা-১ ও মাগুরা-২ দুই আসনেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মো: মনোয়ার হোসেন খান পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৩ হাজার ৭৮৩ ভোট। প্রায় এক লাখ ৪০০ ভোটের বড় ব্যবধান এই আসনে ভোটারদের সুস্পষ্ট সমর্থনের বার্তা বহন করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

অপরদিকে মাগুরা-২ আসনে ১৪৫টি কেন্দ্রের পূর্ণ ফলাফলে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন এক লাখ ৫০ হাজার ১৮০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম বি বাকের পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৮০৭ ভোট। এ আসনেও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

দু’টি আসনেই বিএনপির প্রার্থীদের এমন ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোটারদের উপস্থিতি, কেন্দ্রভিত্তিক ফলাফলের ধারা ও ব্যবধান সব মিলিয়ে দলটির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের সক্রিয়তার প্রতিফলন দেখা গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এসব ফলাফল অনানুষ্ঠানিক। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার পরই আনুষ্ঠানিক ফলাফল নিশ্চিত হবে।