ময়মনসিংহের ভালুকায় নানা বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা উপজেলার নিঝুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইভা আক্তার তার পরিবারের সাথে নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে নানা বাড়ি যাচ্ছিলো। পথে বগাজান বাগাডুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইভা ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



