সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এই অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার মাটিয়ান হাওরে পর্যটকবাহী একটি হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে নিক্ষেপকালে ধৃত এক ব্যক্তির নিকট হতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে ১০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় হাউজবোট মালিককে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয় এবং আশপাশে থাকা হাউজবোটগুলোকেও নীতিমালা অনুযায়ী চলাচলের পরামর্শ দেয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু জানান, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোট ও নৌযানগুলোকে জেলা প্রশাসক কর্তৃক নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি আরো জানান, এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কোনো ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



