কক্সবাজারের চকরিয়ায় জাতীয় দৈনিকের তিন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে উত্তর হারবাং এলাকায় বালুদস্যু নাজিম বাহিনীর হামলার শিকার হন।
এ ব্যাপারে থানায় মামলা হলে অভিযুক্তরা দীর্ঘ সময় পালিয়ে থাকেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (৩০ জুন) কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন।
চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় দলীয় প্রভাব কাটিয়ে ওই এলাকার সন্ত্রাসী ও বালুদস্যু নাজিম উদ্দিন পরিবেশবিধ্বংসী অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা ও সরকারি খাসজমি অবৈধ দখলসহ অসংখ্য অপকর্ম চালিয়ে আসছিল দিবালোকে।
স্থানীয় লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২২ ফেব্রুয়ারি সরেজমিনে পরিদর্শন করে বাস্তব চিত্র তুলে আনতে গিয়ে জাতীয় দৈনিকের তিন সাংবাদিক (জিয়াবুল, ছোটন ও ইকবাল) ওপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়ে হাত, পা ও মাথায় গুরুতর আহত করে গুম করার উদ্দেশ্যে গভীর রাত পর্যন্ত আটকে রাখে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারীরা পাশের উপজেলায় নিয়ে ছেড়ে দেয় এবং হামলাকারী বালুদস্যু-সন্ত্রাসী নাজিম উদ্দিন দলবল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছিল।
কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী বালুদস্যু নাজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



