মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের (ডাম্পিং স্টেশন) জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ‘চর ব্রাহ্মমদী’ মৌজার তিন একর জমির জায়গা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দেড় শ’ বছরের পুরনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা বিভিন্ন সড়কের পাশে ফেলা হয় দীর্ঘদিন ধরে। এতে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ।
জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে সরকারি খাস জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এরই মধ্যে সাড়ে পাঁচ একর জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সেখান থেকে তিন একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন)।
এই প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। সংসদ সদস্যের উপস্থিতিতে জায়গা পরিমাপ করেন সার্ভেয়ার ও ভূমির সাথে জড়িত সংশ্লিষ্টরা। পরে নির্ধরিত স্থানে খুঁটি স্থাপন করে লাল নিশানা টানিয়ে দেয়া হয়। এটি বাস্তবায়ন করা গেলে বহু মানুষের কর্মসংস্থানও হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, ‘ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ শেষ হলে চর ব্রাহ্মমদীর আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হবে। সাধারণ মানুষ বিনোদন উপভোগ করতে পারবে। মুক্ত বাতাসে ঘুরতে পারবেন ভ্রমণ ও বিনোদনপিপাসুরা। পাশাপাশি এটি পুরোপুরি চালু হলে গড়ে উঠবে কর্মসংস্থান। সেই লক্ষ্য নিয়ে দ্রুত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ অনেকেই।



