সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাকে দেখলে মনে হয় না, তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তার জীবনযাপন আরো ভিন্ন রকম হতে পারত। কিন্তু তিনি দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কাজ করছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য থাকতে হবে। জাতীয় নির্বাচনে নীলফামারীতে যা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে যেন তেমনটি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে হবে।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


