লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী হত্যা মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো: হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবু।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ জানুয়ারি রাতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসা থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে রিফাত হাসান পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪১ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩৪১ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী সাজা যুগপৎভাবে কার্যকর হবে।
ওই রায়ে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এছাড়া পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেফতারের দিন থেকে দণ্ড কার্যকর হবে।



