কুমিল্লার বুড়িচংয়ে আগুনে ছয়টি বসতঘর ও দু’টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর বাজারের প্রবেশমুখে অবস্থিত অলোক দাসের বাড়ির পেছনের একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় পাশেই অবস্থিত ‘সাহা ফার্নিচার’ নামে একটি দোকানের দু’টি গোডাউনে থাকা আসবাবপত্রেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর মধ্যেই অলোক দাস, সঞ্জিতা সাহা, উৎপল সাহা এবং ভাড়াটিয়া সোহাগ ও রাহিম ইসলামের ঘরসহ মোট ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, বিভিন্ন মালামাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে কয়েকটি বসতঘর ও মালামালের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেয়া হবে।



