দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় বরযাত্রীদেরর হামলায় মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল দশমাইল নুরপুর গ্রামের সাইর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় দশমাইল এলাকায় রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের সাথে একটি সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজির এক যাত্রী পড়ে গিয়ে আহত হয়, যার মধ্যে একজন শিশু ছিল। এ অবস্থায় বরযাত্রী বহনকারী মাইক্রোবাস থেকে ১০ থেকে ১২ জন যুবক নেমে এসে উত্তেজিত হয়ে হামলা শুরু করে। এ সময় স্থানীয় শ্রমিক নেতা মোস্তফা ঘটনাস্থলে এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তার ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে মারধর করতে থাকেন। পরে আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: আনোয়ার হোসেন বলেন, ‘গাড়ি সাইড দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। স্থানীয় লোকজন রাত ১০টার দিকে সড়ক থেকে সরে গেছেন। উভয়পক্ষের সাথে আলোচনা চলছে। পরে আইনি পদক্ষেপ নেয়া হবে। ’



