গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে একই গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম তাদের মালিকানাধীন মুরগির খামারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে অবহিত করেন।

Location :

Sylhet
কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
কিশোরের গলাকাটা লাশ উদ্ধার |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি মুরগির খামার থেকে সুমন মিয়া (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয়খন্ড গ্রামের একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয়খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে একই গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম তাদের মালিকানাধীন মুরগির খামারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে অবহিত করেন। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে কে বা কারা ওই কিশোরকে গলাকেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফতেহপুরের তয়খন্ড গ্রামের একটি মুরগির খামার থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।