তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক ও দাখিল ফলপ্রার্থী আসাদুলের লাশ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে তালতলী নিদ্রা সকিনা নৌ-পুলিশ তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনে।
ওইদিন সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নিদ্রা সকিনা নৌ-ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র।
জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের একমাত্র ছেলে দাখিল ফলপ্রার্থী মো: আসাদুল। গত সোমবার তালতলীতে তার এক ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যায় আসাদুল। পরের দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে আসাদুল, জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগর—এই পাঁচ বন্ধু মিলে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভ্রমণে যায়। ওইদিন দুপুরে তারা সাগরে সাঁতার কাটতে নামে। এ সময় তারা সাগরের ঢেউয়ে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুলকে উদ্ধার করতে পারেনি।
ঘটনার চারদিন পর শুক্রবার দুপুরে নিখোঁজ আসাদুলের লাশ ডিসি পয়েন্টের চরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নিদ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ওইদিন সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। আগামী ২০ জুলাই তার ফল প্রকাশিত হবে।
অপরদিকে, একই দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের তপন জোমাদ্দার ও ফুল মিয়ার দুইটি ট্রলার ১৮ জন জেলেসহ সাগরে ইলিশ শিকার করতে যায়। ওইদিন বিকেলে ট্রলার দুইটি সাগরে ডুবে যায়। পরের দিন অর্থাৎ বুধবার সকালে ডুবে যাওয়া ১৮ জেলের মধ্যে ১৬ জনকে একটি ফিশিং ট্রলার উদ্ধার করে কিনারে নিয়ে আসে। কিন্তু কালাম পাইকার ও শহীদুল খাঁন নামের দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চারদিন পেরিয়ে গেলেও এখনো তাদের খোঁজ মেলেনি বলে জানান নিদ্রা সকিনা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম।
এমন ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একমাত্র ছেলে আসাদুলকে হারিয়ে দিশেহারা মা আসমা বেগম।
তালতলী নিদ্রা সকিনা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, ‘চারদিন ধরে নিখোঁজ দুই জেলের উদ্ধারে অভিযান চালাচ্ছি। কিন্তু এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।’
তালতলী নিদ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, ‘নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ফাঁড়িতে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



