চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার প্রিয়া (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অবস্থিত স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
নিহত ফারজানা আক্তার প্রিয়া ওই এলাকার নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী এবং একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
জানা গেছে, ১০ বছর আগে মেসবাহ উদ্দিন রানার সাথে ফারজানা আক্তার প্রিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। নিঃসন্তানসহ পারিবারিক নানান কলহ লেগে থাকত প্রতিনিয়ত। সম্প্রতি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ফারজানা। এছাড়া তার স্বামী বিভিন্ন অজুহাতে তাকে মারধর করত বলে অভিযোগ নিহতের পরিবারের।
ফারজানা আক্তারের ভাই মো: জিদান বলেন, ‘১০ বছর আগে আমার বোনের বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সাথে। কিন্তু তিনি বিভিন্ন সময় নেশা করে আমার বোনকে নির্যাতন করতেন। আমার বোন নিঃসন্তান ছিল। এখন আড়াই মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গেলে সে এমন কাজ করেছে।’
তিনি আরো বলেন, ‘আজ ইফতারের কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে আমি সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ফারজানা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ রোববার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে।’



