ধামরাইয়ে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

রোববার (৩১ মে) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল ও মোবারক হোসেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তার নেতৃত্ব, কর্মময় জীবন ও জাতীয়তাবাদী চিন্তাধারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।