চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসমাইল স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইসমাইল বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বন্যার পানিতে তাকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার সার্বিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় অন্তত সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শনিবার পানি নামতে শুরু করলেও বিভিন্ন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। অভ্যন্তরীণ অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ এখনও ব্যাহত রয়েছে।



