বরইতলীতে নোহা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইউনিয়নের মোহাজার পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
দুর্ঘটনায় নিহতরা
দুর্ঘটনায় নিহতরা |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহাবুব (২৮) ও রাসেল (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। এসময় সাহেদ (২৮) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের পেকুয়া সড়কের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহবুব মোহাজেরপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে ও রাসেল মরহুম কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, বরইতলী ইউনিয়নের মোহাজার পাড়া এলাকায় রাস্তার পাশে লাকড়ি স্তুপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই মাহবুব নামে একজন নিহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত সাহেদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে বরইতলীর মোহাজার পাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সাথে নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় মাহাবুব ও রাসেল নামে দুই জনের মৃত্যু হয়। গাড়ি দুইটি আটক করা হয়েছে।

আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।