ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের মুখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর মহিলা দলের সভাপতি সাবিহা রহমান, সাধারণ সম্পাদক দীল নাহার শিউলি ও নারী উদ্যোক্তা আবিদা আক্তার নুপুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।


