সিরাজদিখানে বিলবোর্ড ভেঙে বিদ্যুৎ বিপর্যয়, তিন দিন অন্ধকারে গ্রাম

উপজেলার এক্সপ্রেসওয়ে সংলগ্ন রামেরখোলা এলাকায় স্থাপিত একটি বড় বিলবোর্ড হঠাৎ ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং কয়েকটি খুঁটি হেলে পড়ে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Location :

Sirajdikhan
সিরাজদিখানে এক্সপ্রেসওয়ে সংলগ্ন রামেরখোলা এলাকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়া বিলবোর্ড
সিরাজদিখানে এক্সপ্রেসওয়ে সংলগ্ন রামেরখোলা এলাকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়া বিলবোর্ড |নয়া দিগন্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বিলবোর্ড ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে টানা তিন দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে রামেরখোলা গ্রাম। একই সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো নিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক্সপ্রেসওয়ে সংলগ্ন রামেরখোলা এলাকায় স্থাপিত একটি বড় বিলবোর্ড হঠাৎ ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং কয়েকটি খুঁটি হেলে পড়ে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন পরিবারগুলো।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুই-তিন দিন ধরে বিদ্যুৎ নেই। গরমে খুব কষ্ট হচ্ছে। দ্রুত সমাধান দরকার।”

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সারি সারি অসংখ্য বিলবোর্ড রয়েছে, যেগুলোর অনেকগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় সেগুলো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

ভেঙে পড়া বিলবোর্ডটির মালিক আল-আমিন জানান, তিনি বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, ভেঙে পড়া বিলবোর্ডটি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়েকে ঘিরে অপরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপন করায় বিদ্যুৎ লাইন ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।