পিসিসিপির শোকসভা

রাঙ্গামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি

১৯৮৪ সালে সঙ্ঘটিত ভয়াবহ ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
পিসিসিপি জেলা কার্যালয়ের সামনে আয়োজিত শোকসভা
পিসিসিপি জেলা কার্যালয়ের সামনে আয়োজিত শোকসভা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সঙ্ঘটিত ভয়াবহ ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

শুক্রবার (৩০ মে) জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরের কাঠালতলীতে পিসিসিপি জেলা কার্যালয়ের সামনে আয়োজিত শোকসভায় এ দাবি করা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন।

শোকসভায় বক্তব্য রাখেন পিসিসিপি জেলা শাখার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাশ, অর্থ সম্পাদক মো: আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৯৮৪ সালের ৩১ মে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা বরকলের ভূষণছড়ায়। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলা বর্বর হামলায় জেএসএসের তৎকালীন শান্তিবাহিনীর হাতে প্রাণ হারায় চার শতাধিক বাঙালি। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক পরিবার, পালিয়ে যায় ১৬ শ’র বেশি বাঙালি পরিবার।’

বক্তারা আরো বলেন, ‘এত বড় হত্যাকাণ্ডের পর তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি, হয়নি কোনো বিচার। দেয়া হয়নি ক্ষতিপূরণ।’

তারা বলেন, ‘পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা এখনো বেপরোয়া, প্রতিনিয়ত ঘটাচ্ছে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির ঘটনা। তারা পাহাড়ে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন, যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।’

শোকসভা শেষে নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।