টাঙ্গাইল–৮ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ২ প্রার্থীর অভিযোগ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া, নির্বাচনী অফিস ভাঙচুর এবং অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
বামে সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে সংবাদ সম্মেলন এবং ডানে প্রেস ব্রিফিং করছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ
বামে সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে সংবাদ সম্মেলন এবং ডানে প্রেস ব্রিফিং করছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ |নয়া দিগন্ত

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া, নির্বাচনী অফিস ভাঙচুর এবং অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে সখীপুর রায়দা ভিলেজে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। একইদিন এক পথসভায় একই অভিযোগ করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে সংবাদ সম্মেলনে তার নির্বাচনী অ্যাজেন্ট ফজলুল হক বাচ্চু বলেন, আমরা লক্ষ্য করছি, আমাদের নির্ধারিত পথসভা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণার পরে একই স্থানে ও একই সময়ে ধানের শীষের প্রার্থী ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন। আমাদের মিছিল-সমাবেশে হামলার চেষ্টা করছেন। এমনিভাবে নিজেদের মিছিল সমাবেশে নিজেরাই হামলা করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছেন। এর একমাত্র উদ্দেশ্য—আমাদের শান্তিপূর্ণ প্রচারণা বানচাল করে সংঘাতের পরিবেশ তৈরি করা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোট কেন্দ্রে উপস্থিত হতে বাধা দেয়া। এটি নির্বাচন আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের নির্বাচনী অফিসে তালা ঝুলিয়ে দেয়া, অফিসের মালামাল ভাঙচুর করা এবং তার কর্মীদের ভয়ভীতি দেখানো এবং তাদের ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সব প্রার্থীর জন্য সমান প্রচারণা সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

একইদিন সখীপুর উপজেলা মৈথাচালা নির্বাচনী পথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে একই ধরনের অভিযোগ তোলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ।

তিনি বলেন, কিছু দিন আগে পারিবারিক একটি ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে আমার গাড়িতে হামলা চালানো হয়। এছাড়াও প্রায়শই আমার নেতাকর্মীদেরকে ‘বড়’ দলের নেতাকর্মীরা হুমকি-ধমকি দিয়ে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে। এসব ঘটনায় প্রশাসনও নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন প্রার্থী আওয়াল মাহমুদ।

এসময় তিনি বড় দলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানান।