খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোণার খালিয়াজুড়ীতে উপজেলা কোয়ার্টারে মাদক সেবনরত অবস্থায় মাতলামি করায় অসিত সরকার (৫০) নামে এক ব্যক্তিকে জেল দিয়েছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাদির হোসেন শামীম।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিধি মোতাবেক পুলিশ পাহারায় তাকে জেল-হাজতে পাঠানো হয়।
অসিত সরকার খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বানু সরকারের ছেলে।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। আসামি অসিত সরকারকে সকলের সামনে মাতলামির বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি মাদক সেবনকারী হিসেবে নিজেকে অপরাধী স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড করে থানায় পাঠিয়ে দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, ‘আসামি অসিত সরকারকে এ এস আই সুব্রত ঘোষ তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রেফতার করে থানা নিয়ে আসেন। বুধবার সকালে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাকে নেত্রকোনা জেল-হাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে, জনস্বার্থে এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে।’



