কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (২৯ এপ্রিল) ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
১০ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি চৌকস টহল দল উত্তর সূর্যনগর নামক স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে ব্যাটালিয়ন কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



