ডুমুরিয়ায় আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

মঙ্গলবার দুপুরে পেট্রোল বিক্রির টাকার হিসেব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে জনি গাজী ঘর থেকে পেট্রোল এনে বিথির শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Dumuria
আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা
আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা |প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বুধবার (৬ মে) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিথী শাহপুর গ্রামের অপু গাজীর মেয়ে। সাংসারিক জীবনে তাদের ঘরে দুই ছেলেসন্তান রয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানান যায়, ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের জনি গাজী (৩০) খর্ণিয়াস্থ একটি তেল পাম্পে কাজ করতেন। সম্প্রতি পেট্রোল সঙ্কট হওয়ায় পাম্প থেকে জনি গাজী পেট্রোল বাড়িতে পাচার করত। ওই পেট্রোল জনির স্ত্রী বিথি (২৬) বাড়িতে বেশি দামে বিক্রয় করত।

মঙ্গলবার দুপুরে পেট্রোল বিক্রির টাকার হিসেব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে জনি গাজী ঘর থেকে পেট্রোল এনে বিথির শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকারে স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় বিথিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা ঢাকা মেডেক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

পরামর্শ অনুযায়ী বিথিকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিথীর শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে ঘাতক স্বামী জনি গাজী পালাতক রয়েছেন।

উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বাবর আলী বলেন, ঘটনা জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তারা কেউ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক নয়।