গাইবান্ধার সাদুল্লাপুরে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ মিয়া উত্তর মন্দুয়ার গ্রামের হাফিজার রহমানের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, দুপুরে জাহিদ মিয়া তার ছাগলকে পাতা খাওয়ানোর জন্য বাড়ির পাশের একটি মেহগনি গাছে ওঠেন। এরপর একটি ডাল কাটলে সেটি বৈদ্যুতিক তারের উপড়ে পড়ে যায়। এ সময় পুরো গাছ বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জাহিদ মিয়ার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ফরহাদ হোসেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বিষয়ে সবাইকে সতর্ক থাকা দরকার।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



