প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হতে হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
কথা বলছেন ডা: জিয়াউদ্দিন হায়দার
কথা বলছেন ডা: জিয়াউদ্দিন হায়দার |নয়া দিগন্ত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা: জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ‘প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, সম্পদে পরিণত হবে।’

মঙ্গলবার (১২ মে) সকালে ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হতে হবে।’

তিনি বলেন, ‘অনেক প্রতিবন্ধী শিশু সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। তাই তাদের অবহেলা না করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানো জরুরি।’

জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মমিন উদ্দনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা: খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।