নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, ‘বিগত দিনে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে রাস্তায় নেমে পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয়েছে। কিন্তু শিক্ষাবান্ধব বিএনপি সরকারের আমলে আপনাদেরকে কোনো দাবি-দাওয়া পূরণে রাজপথে নামতে হবে না। ইতোমধ্যেই সরকার আপনাদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির করেছে।’
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল আজিজ বলেন, ‘বিগত সরকার অটোপাস আর আজগুবি কারিকুলাম দিয়ে শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। এখন মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলুন, আপনাদের চাওয়া-পাওয়া সরকার পূরণ করবে।’
উপজেলার সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অ্যাকাডেমিক সুপার ভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, বনপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমান, অধ্যক্ষ ইসাহাক আলী, অধ্যক্ষ মাওলানা আকমল হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাইযোদ্ধাদের কথা স্মরণ করে বলেন, ‘তরুণ আবু সাঈদসহ দেড় সহস্রাধিক প্রাণ, পাঁচ শতাধিক মানুষের অন্ধত্ব ও শত শত ছাত্র-জনতার পঙ্গুত্ববরণের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি। এখন আমরা নতুনভাবে দেশটিকে গড়তে চাই। এদেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু-সংখ্যাগুরুতে বিশ্বাসী না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটিকে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’



