মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের স্মারকলিপি

এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যানজট নিরসনের দাবি

স্মারকলিপিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার হাজারো শিক্ষার্থী অংশ নেবে। তাই পরীক্ষার্থীদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

Location :

Munshiganj
এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যানজট নিরসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির
এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যানজট নিরসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখা।

বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার হাজারো শিক্ষার্থী অংশ নেবে। তাই পরীক্ষার্থীদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রসংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

এতে উল্লেখ করা হয়, পরীক্ষার আগের রাত ও পরীক্ষা চলাকালে ঘন ঘন লোডশেডিং শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষা গ্রহণে বিঘ্ন সৃষ্টি করে। পাশাপাশি তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে যানজটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে মানসিক চাপে পড়েন।

এসব বিবেচনায় ছাত্রশিবির কয়েকটি দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা চলাকালে এবং আগের রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রসংলগ্ন এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং ও সড়কের প্রতিবন্ধকতা অপসারণ, প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ও অস্থায়ী ইউ-টার্নের ব্যবস্থা, পরীক্ষার্থীবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে পরীক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল হাকিম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। এ সময় শাখা সেক্রেটারি ইব্রাহীম খলিলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।