কুমিল্লায় নির্মাণাধীন আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাসের কাছে কুমিল্লা আর্মি মেডিক্যাল কলেজের নব নির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যা বিশিষ্ট কুমিল্লা আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিক্যাল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চীফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০১৫ সালে কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দফতর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত পাঁচ একর জমির উপর আর্মি মেডিক্যাল কলেজ, কুমিল্লার অ্যাকাডেমিক নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ সেনাবাহিনী প্রধান কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সাথে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে।



