ময়মনসিংহে ট্রেনের ছাদ থে‌কে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ছাদে থাকা তিন যুবক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন তারা।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
প্রতীকী ছবি

নিয়ম অমান্য আর অবহেলার চরম মূল্য দিলেন এক যুবক। ময়মনসিংহ নগরীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ছাদে থাকা তিন যুবক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন তারা।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। আহত শামীম বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর (পুরুষ) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

নিহত মুসা গাজীপুর জেলার উত্তর সালনা এলাকার কোরবান আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুরে তার ভাইয়ের মুরগির খামারে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি, কিন্তু সেই যাত্রাই হয়ে উঠলো জীবনের শেষ পথচলা।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।