গাজীপুরের হোতাপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শিকদারের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিনি কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সকাল ১০টার দিকে হোতাপাড়া এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটির। এতে গাড়িটির সামনের অংশ ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং আল আমিন শিকদার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের সামনের অংশ কেটে আল আমিন শিকদারের লাশ বের করে আনেন। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রকিবুল হাসান (৪২) বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে কাভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালকের লাশ উদ্ধার করা হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



