কুমিল্লায় শিশুকে বলাৎকারের পর হত্যা : আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর হত্যা মামলায় একমাত্র আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় শিশুকে বলাৎকারের পর হত্যা : আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লায় শিশুকে বলাৎকারের পর হত্যা : আসামির মৃত্যুদণ্ড |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর হত্যা মামলায় একমাত্র আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, ২০২৪ সালের বুড়িচং থানার মামলা নম্বর-৫ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নং-২৭১/২৬-এর বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তিনি আরো জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতের জারি করা মৃত্যুদণ্ডের পরোয়ানার ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা-দোকানি আক্কাস মিয়ার ৯ বছর বয়সী ছেলে ইয়াসিন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১ অক্টোবর বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার মোকাম এলাকার একটি মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন ৬ অক্টোবর বিল্লাল হোসেন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।