কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের এক মাদককারবারির বাড়ির চালের ড্রাম থেকে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে এসব গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জসিম উদ্দিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার পাথরডুবী ইউনিয়নের থানাঘাট এলাকার মাদককারবারি সুজন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সুজনের বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে একটি পরিত্যক্ত চালের ড্রামে বিশেষ কায়দায় সংরক্ষিত আট কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। এসময় গাঁজা পাহারায় নিযুক্ত জসিমকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার নিকট গাঁজা বিক্রির নগদ আট হাজার টাকা পাওয়া যায়। সে পাথরডুবী ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি সুজা মিয়া ছেলে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রযেছে। উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় এখানে মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। স্থানীয় জনগণ মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হলে পুলিশের পক্ষে এককভাবে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।’



